বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মধ্যেই কলকাতায় সলমন! ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন ভাইজান?
গত দুবছর ধরে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। প্রাণনাশের হুমকির কারণে তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য ব্যবহার করতে হয় বুলেটপ্রুফ গাড়ি। বাড়ি থেকে শুটিংয়ের জায়গা, সর্বত্রই কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হয় অভিনেতাকে। সম্প্রতি সলমনের বান্দ্রার অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যেরা নজরদারি চালিয়েছিলেন বলেও খবর। এমন পরিস্থিতিতেই আগামী ডিসেম্বর মাসে কলকাতায় আসতে পারেন সলমন। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে তাঁর নাম উঠে এসেছে।আগেই জানা গিয়েছিল, এ বারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রজনীকান্ত, প্রভাস এবং কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা। মঙ্গলবার জানা গেল, অতিথি তালিকায় সলমন খানের পাশাপাশি রয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, জনি লিভার এবং অনুপম খেরের নামও। ভারতীয় চলচ্চিত্র জগতের আরও কয়েক জন পরিচিত মুখকে অনুষ্ঠানে দেখা যেতে পারে। তবে উৎসব কমিটির তরফে এখনও অতিথিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।প্রতি বছরের মতো এ বারও অতিথি তালিকায় নেই শাহরুখ খানের নাম। আমন্ত্রণ পেলেও গত কয়েক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি। অন্য দিকে, সলমন খান সত্যিই কলকাতায় এলে উৎসবের আকর্ষণ যে অনেকটাই বাড়বে, তা বলাই যায়।আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অক্টোবরের শেষ দিকে নন্দনে আয়োজিত এক বৈঠকের পরে মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, এ বারের উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়ালে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে রেড কার্পেটের আয়োজন করা হতে পারে। পাশাপাশি বিখ্যাত অভিনেতাদের কাটআউটও রাখা হবে। মিঠুনের কথায়, রজনীকান্ত ও প্রভাস উপস্থিত থাকতে পারেন। এমনকি কোনও হলিউড তারকাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। তবে শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে হাজির থাকবেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

